
পর্যটন সংবাদ ডেস্ক: পুলিশের হামলা এবং রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুল হকের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বৈঠক করেছেন বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে আন্দোলনের সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে দেখা করেন।
প্রতিনিধি দলের সদস্য আহমেদ ইকবাল জানান, ইঞ্জিনিয়ার স্বীকৃতি নিয়ে চলমান আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং রংপুরে সাবেক শিক্ষার্থী রোকনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, “আমরা দাবি জানিয়েছি, দ্রুত দায়ীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।”
আলোচনার বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে বলে প্রতিনিধি দল জানিয়েছে।



