পতেঙ্গা সৈকতের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

পর্যটন সংবাদ ডেস্ক:  চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও পরিচালিত হলো উচ্ছেদ অভিযান। সোমবার (৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট উপ-কমিটির সমন্বয়ে পরিচালিত অভিযানে ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সকাল থেকেই বুলডোজারের সাহায্যে দোকানপাটসহ একে একে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। বিচ ম্যানেজমেন্ট উপ-কমিটির পক্ষ থেকে জানানো হয়, সৈকতের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, “আজকের অভিযানে আমরা ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পতেঙ্গা সৈকতকে সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে চাই। দর্শনার্থীরা যেন নিশ্চিন্তে ও নির্বিঘ্নে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দখলদারদের কারণে অনেক সময় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন। তাই সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে।”

পতেঙ্গা সৈকত চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট, যেখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন। কর্মব্যস্ত শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ও সমুদ্রের নীল জলরাশির মায়া উপভোগ করতে এই সৈকত অন্যতম গন্তব্য।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী জানান, “একাধিকবার উচ্ছেদ অভিযান চালানোর পরও দখলদাররা নতুন করে স্থাপনা গড়ে তোলেন। এতে সৈকতের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে। পতেঙ্গা সৈকতকে নিরাপদ, আকর্ষণীয় ও নান্দনিক রাখতে এই অভিযান নিয়মিত চলবে।”

পতেঙ্গার পর্যটন সম্ভাবনা আরও বিস্তৃত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

– পর্যটন সংবাদ

Read Previous

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুর পরও শেষ হয় না যাচাই প্রক্রিয়া: ঢাকার মার্কিন দূতাবাস

Read Next

বাংলাদেশিদের জন্য আমিরাতে সাশ্রয়ী গোল্ডেন ভিসার নতুন সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular