
পর্যটন সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থগিত করা হয়েছে ২০২৬ সালের অমর একুশে বইমেলা। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজন করতে হবে। এ সিদ্ধান্তের আলোকে বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামত বিবেচনা করে নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।
আগে সিদ্ধান্ত ছিল ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তবে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশক ও অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ হওয়ার পরই নতুন তারিখ নির্ধারণ করে মেলার আয়োজন সম্পন্ন করা হবে।



