
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে আগত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশির জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যেসব দেশের নাগরিকরা সাধারণ সময়ে বাংলাদেশে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন, তারাও এই সময়ের মধ্যে ওই সুবিধা পাবেন না। বিষয়টি আগেই বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে। এর পরপরই ভুটান ও মালদ্বীপ সরকার তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করেছে।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশ সরকার ভুটানসহ সব যোগ্য দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এ অবস্থায় ভুটানের যেসব নাগরিক উল্লিখিত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে চান, তাদের ভ্রমণের আগে থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন-অ্যারাইভাল ভিসার ওপর নির্ভর করে ভ্রমণ করলে জটিলতায় পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে।
একই ধরনের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা ইস্যু বন্ধ থাকবে।
মালদ্বীপ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ সময় বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে আগমনের আগে অবশ্যই ভিসা সংগ্রহ করতে হবে। এজন্য তাদের হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভিসা নিতে বলা হয়েছে। আগাম ভিসা ছাড়া ভ্রমণের চেষ্টা করলে বিমানবন্দরেই সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদেশি নাগরিকদের চলাচল আরও নিয়ন্ত্রিত রাখতে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি স্থায়ী কোনো নীতিগত পরিবর্তন নয়, বরং নির্দিষ্ট সময়ের জন্য একটি প্রশাসনিক ব্যবস্থা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি পর্যালোচনা করে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন থেকে আগাম ভিসা সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।অন
এই সিদ্ধান্তের ফলে পর্যটক, ব্যবসায়ী ও স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের ভ্রমণ পরিকল্পনায় সাময়িক প্রভাব পড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।



