
পর্যটন সংবাদ ডেস্ক : দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যাত্রীদের সুবিধার্থে নতুন প্রমোশনাল অফার ঘোষণা করেছে। এখন থেকে সংস্থাটির সবগুলো রুটে বিমান টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। একই সঙ্গে কক্সবাজার ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে তিন দিন দুই রাতের বিশেষ প্যাকেজও চালু করেছে নভোএয়ার।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীরা ‘SUMMER15’ প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে এই ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটপরিচালনা করছে।
কক্সবাজার ভ্রমণ প্যাকেজের আওতায় যাত্রীরা মাসিক সর্বনিম্ন ২,৩২৩ টাকা কিস্তিতে ছয় মাসে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবেন। এই কিস্তি পরিকল্পনায় কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা সার্ভিস ফি দিতে হবে না। প্যাকেজটি কমপক্ষে দুজনের জন্য ক্রয় করতে হবে। যাত্রীরা কক্সবাজারের ১৭টি হোটেলের মধ্যে থেকে পছন্দ অনুযায়ী একটি বেছে নিতে পারবেন। হোটেলের ক্যাটাগরি অনুসারে প্যাকেজের মূল্য ভিন্ন হবে।
প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকিট (সব ট্যাক্সসহ), নির্বাচিত হোটেলে দুই রাতের থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের সুবিধা।
এই অফার ও প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নভোএয়ারের হেল্পলাইন নম্বর ১৩৬০৩-এ কল করা যাবে অথবা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
এই নতুন অফারগুলো গ্রীষ্মকালীন ভ্রমণপ্রিয় যাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



