নগরকান্দায় ডাকাত সন্দেহে ভুয়া র‍্যাব ও আসল র‍্যাবকে একসঙ্গে গণপিটুনি, মহাসড়কে চাঞ্চল্য

পর্যটন সংবাদ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের সঙ্গে প্রকৃত র‍্যাব সদস্যরাও গণপিটুনির শিকার হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এক পর্যায়ে তা পর্যটন রুট হিসেবে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচলও ব্যাহত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলার মোড় অতিক্রম করছিল। এর মধ্যে একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শোনা যাচ্ছিল। এতে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা প্রথম গাড়িটি ব্যারিকেড দিয়ে থামিয়ে তল্লাশি চালান। গাড়িতে থাকা ব্যক্তিরা র‍্যাব পরিচয় দিলেও কারও গায়ে র‍্যাবের পোশাক না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাদের ঘিরে ধরে মারধর করে।

পরবর্তীতে পেছনের গাড়িতে আসা প্রকৃত র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তারাও ছিলেন সাদা পোশাকে। জনতা তাদেরকেও ভুয়া র‍্যাব মনে করে মারধর করে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রকৃত ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

আটক ভুয়া র‍্যাব সদস্যরা হলেন—মোহাম্মদ সুমন (৪৯), মোহাম্মদ মিন্টু (৪৫), সাইফুল (৩৪), মোহাম্মদ জামিল (৩২) ও মোহাম্মদ দিদার (৩৬)। তারা শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আমীরুল ইসলাম জানান, জনতার ভুল বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আহতদের নিয়ে শ্রীনগর থানার উদ্দেশে রওনা হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, “ডাকাতদলকে ধাওয়া করার সময় র‍্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। এ সুযোগে জনতা আসল ও ভুয়া র‍্যাব সদস্যদের একসঙ্গে পিটিয়ে ফেলে।”

ঢাকা-খুলনা মহাসড়ক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ পথ। এই মহাসড়কে এমন একটি ঘটনা পর্যটন এবং যোগাযোগের দিক থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Read Previous

ফিলিস্তিনিদের রাষ্ট্রত্ব ‘অধিকার, পুরস্কার নয়’: জাতিসংঘ মহাসচিব গুতেরেস

Read Next

জুলাই সনদের খসড়া নিয়ে জামায়াতের উদ্বেগ: ‘অসম্পূর্ণ ও কিছু অংশ বিপজ্জনক’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular