থাই ই-ভিসা: হোটেল বুকিং নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্কতা দূতাবাসের

পর্যটন সংবাদ ডেস্ক: থাইল্যান্ডে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস। রোববার (২৯ জুন) দূতাবাস এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দূতাবাস স্পষ্টভাবে জানায়, অনলাইনে প্রচারিত উক্ত বিজ্ঞপ্তিটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। তারা এটিকে “ভুয়া ও বিভ্রান্তিকর” বলে আখ্যা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থাই ই-ভিসা সিস্টেমে আবেদন করতে গিয়ে প্রকৃত হোটেল বুকিংয়ের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক। এতে অবশ্যই আবেদনকারীর নাম, হোটেলের পূর্ণ নাম ও ঠিকানা, থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ) উল্লেখ থাকতে হবে।

তবে এই বুকিং অবশ্যই বৈধ অনলাইন রিজার্ভেশন প্ল্যাটফর্ম অথবা হোটেলের নিজস্ব বুকিং সিস্টেমের মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। তবে আবেদনকারীদের অগ্রিম অর্থ প্রদান বাধ্যতামূলক নয়।

দূতাবাস আরও সতর্ক করে বলেছে, যদি কেউ ভুয়া হোটেল বুকিং, টিকিট, ব্যাংক স্টেটমেন্ট বা পেমেন্ট রসিদ দাখিল করে, তাহলে তার ভিসা আবেদন বাতিলের জন্য বিবেচিত হবে।

এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞপ্তি থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে দূতাবাস আবেদনকারীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সঠিক ও হালনাগাদ তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটগুলো হলো:
👉 www.thaievisa.go.th
👉 https://dhaka.thaiembassy.org

থাইল্যান্ড ভ্রমণপ্রত্যাশীদের প্রতি দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন।

Read Previous

নলজুড়ি: সিলেটের হৃদয়ে লুকিয়ে থাকা ‘বাংলার কাশ্মীর’

Read Next

নজরপুরে জমকালো ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়ন নজরপুর শহীদ মফিজ স্মৃতি সংঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular