
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিকভাবে প্রশিক্ষিত করে গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের পরও তরুণদের ভেতরে যে শক্তি আছে, সেটি রাষ্ট্রের কাজে লাগানো এখন সময়ের দাবি।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় সারাদেশে তরুণদের ব্যাপক সাড়া প্রমাণ করেছে, পরিবর্তনের জন্য তারা প্রস্তুত। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা এখনো চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না। গত এক বছর আমরা অনেক ছাড় দিয়েছি, এবার আর নয়।”
তিনি আরও জানান, পরিবর্তনের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে, নইলে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। দলের ভেতরের চাঁদাবাজি ও সুবিধাবাদীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “যুবশক্তি শুধু এনসিপির ভ্যানগার্ড নয়, পুরো দেশের ভ্যানগার্ড হবে। তরুণদের প্রতারিত করা হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।”



