
নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা চারটি আবেদনের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয় ১৯৯৬ সালে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এর বৈধতা নিয়ে প্রথম রিট দায়ের হয় ১৯৯৮ সালে। হাইকোর্ট ২০০৪ সালে সংশোধনীকে বৈধ ঘোষণা করলেও, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এটি বাতিল করে। পরবর্তীতে সংসদ পাস করে পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হয়।
তবে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন মহল ওই রায় পুনর্বিবেচনার দাবি জানায়। সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এ বিষয়ে আবেদন করেন। একইভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আলাদাভাবে রিভিউ আবেদন জমা দেন।
এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই সব আবেদনের যৌথ শুনানি চলছে।



