১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ইতালি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি, দ্রুত ভিসা নিষ্পত্তির দাবি ভিসা প্রত্যাশীদের

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী এক মাসের মধ্যে আটকে থাকা ওয়ার্ক ভিসা ও পাসপোর্টের দ্রুত নিষ্পত্তির দাবিতে ঢাকায় ইতালি দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইতালি ভিসা প্রত্যাশীরা। বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে ইতালির দূতাবাস চত্বরে সকাল থেকেই ভিসা প্রত্যাশীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।

ভিসা প্রত্যাশীদের অভিযোগ, ২০২৩-২৪ সালের বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও তাদের ভিসা দেওয়া হচ্ছে না, আবার আবেদন বাতিলও করা হচ্ছে না। শুধু তাই নয়, ফ্যামিলি ভিসার আবেদনকারীরাও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় রয়েছেন।

তাদের দাবি, প্রায় ৩ হাজার পাসপোর্ট ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবালে জমা দেওয়া হলেও এখনও ফেরত দেওয়া হয়নি। এ অবস্থায় তারা আশঙ্কায় ভুগছেন এবং দূতাবাস কর্তৃপক্ষের নিরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ভিসা প্রত্যাশীরা চার দফা দাবি উত্থাপন করেছেন, যা হলো—
১. ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসাগুলোর দ্রুত নিষ্পত্তি।
২. স্ক্যান পাসপোর্টের ওয়ার্ক ভিসার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ।
৩. আটকে থাকা পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়া।
৪. ফ্যামিলি ভিসা প্রক্রিয়ার জটিলতা দ্রুত নিরসন।

তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে কাজ করতে আগ্রহী হাজারো বাংলাদেশি প্রতিবছর আবেদন করে থাকেন। ওয়ার্ক পারমিট ও ফ্যামিলি ভিসার জটিলতা নিরসনে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভিসা প্রত্যাশীরা।

– পর্যটন সংবাদ প্রতিবেদক

Read Previous

রহস্যময় সাগর দাড়ি: প্রকৃতি, ইতিহাস ও পর্যটনের অপার সম্ভাবনা

Read Next

 চট্টগ্রামে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের, যাত্রীদের মাঝে আতঙ্ক নয়, নিরাপত্তা নিশ্চিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular