
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে প্রথমে ট্রমা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, জাহিদ কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তিনি জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা, বাবার নাম ইরান। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে দুই গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হয় এবং গুরুতর আহত হন।
নিহতের ভগ্নিপতি মো. উজ্জ্বল বলেন, “রাতে ও (জাহিদ) বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিল। হঠাৎ সংঘর্ষের মধ্যে পড়ে ককটেল বিস্ফোরণে পায়ে মারাত্মক জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানায়, ও আর নেই।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।



