পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর প্রাণকেন্দ্র মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত “জুলাই ঘোষণাপত্র” পাঠের অনুষ্ঠান। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি তারকাবহুল কনসার্ট, যা পর্যটকদের পাশাপাশি ঢাকাবাসীর জন্যও একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
রোববার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
তারকাবহুল কনসার্টে জমবে সন্ধ্যা
দিনব্যাপী এই আয়োজনে সংগীতপ্রেমীদের জন্য থাকছে একের পর এক চমক।
- দুপুর ২:৪০ মিনিটে সঙ্গীত পরিবেশন করবেন তরুণ গায়ক সায়ান
- বিকেল ৩টায় গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইথুন বাবু ও মৌসুমী
- বিকেল সাড়ে ৩টায় মঞ্চে আসবে দেশের খ্যাতিমান ব্যান্ড সোলস
- বিকেল ৪টায় উঠবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ
- সন্ধ্যা ৭টায় গান গাইবেন কণ্ঠশিল্পী এলিটা করিম
- রাত ৮টায় জমজমাট পরিবেশনায় শেষ হবে কনসার্ট, মঞ্চ মাতাবেন আর্টসেল ব্যান্ড
আরও থাকছে সাংস্কৃতিক পরিবেশনা
শুধু কনসার্ট নয়, আয়োজনে থাকবে নানা রকম সাংস্কৃতিক পরিবেশনা। অংশ নেবে জনপ্রিয় সংগীতগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী ও কলরব শিল্পীগোষ্ঠী, সঙ্গে চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শুন্য।
এই আয়োজন ঢাকার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হতে পারে এক স্মরণীয় বিকেল ও সন্ধ্যা।



