
পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনার কাজ চলছে। এ দুটি শেষ হলে ২১ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হবে। হাতে গণনা করায় সময় বেশি লাগছে, তবে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা টানা তিন দিন ধরে চলছে।
এ নির্বাচনকে ঘিরে নাটকীয় পরিস্থিতিও তৈরি হয়। ছাত্রদলসহ চারটি প্যানেল ভোট বর্জন করে। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে বিএনপিপন্থি চার শিক্ষক এবং একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।
জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮। এবার ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।



