
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। কারণ তারা বারবার অবৈধ নির্বাচনের বৈধতা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রেখেছে।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর নয়, বরং ৯০-এর দশক থেকেই পরাজিত শক্তির দোসর হিসেবে কাজ করছে। এরশাদের পতনের পর রাজনৈতিক দলগুলো ভুল করে তাদের পুনর্বাসনের সুযোগ দিয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আর সেই সুযোগ দেওয়া হবে না।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলাকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর দেওয়া হবে না। আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে এবং নতুন সংবিধান ও সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।”
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন কোনো শক্তিকে সমর্থন দেওয়া যাবে না, যারা গণতন্ত্রের জন্য হুমকি।”
তিনি নুরুল হক নুরের সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।



