
উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর লন্ডনে থাকা ছেলের কাছ থেকে বিদায় নিয়ে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশানের বাসা “ফিরোজা”য় উঠবেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান- তার সফর সাথী হচ্ছেন। মেডিকেল টিমসহ পরিবারের অন্যান্য সদস্যরাও সফরে থাকবেন।
বিএনপির পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়ে জোবায়দার জন্য সশস্ত্র প্রহরা, পুলিশি উপস্থিতি এবং আর্চওয়ে স্ক্যানার বসানোর অনুরোধ জানানো হয়েছে।
বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ দিকে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আগমন লক্ষ করা যাচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যেনো নেতাকর্মীদের উপচে পড়া ভীর। ধীরে ধীরে এ যেনো জনসমুদ্রে রুপ নিচ্ছে।



