
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগে এ শাস্তি দেওয়া হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ার অনুযায়ী এটি সর্বোচ্চ শাস্তি।
আলী হুসেনের শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।



