
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি পার্লামেন্ট খ্যাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভোটার তালিকায় রয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।
প্রচারণা ও সরে দাঁড়ানো প্রার্থী
রোববার ছিল প্রচারণার শেষ দিন। ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ, শ্লোগান আর প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখর ছিল মধুর ক্যান্টিন থেকে শুরু করে আবাসিক হলগুলো। একই দিন শহীদুল্লাহ হলের ভিপি প্রার্থী মাসুম বিল্লাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন জানান।
জরিপে শিবির এগিয়ে
নির্বাচনের আগে প্রকাশিত তিনটি জরিপেই এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জরিপগুলোতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন।
নতুনত্ব ও নিরাপত্তা ব্যবস্থা
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট পেপারের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনে গণনা হবে এবং প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে ফলাফল দেখানো হবে।
ভোটকেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের প্রস্তুতি
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, জয়-পরাজয় যাই হোক, সহনশীলতা বজায় রাখতে হবে।
এরই মধ্যে নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ ৩৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনও আজ সারাদিন বন্ধ থাকবে।
প্রতিবেদন : মুহাম্মদ শফিকুল আশরাফ



