
পর্যটন সংবাদ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে টানা প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান এবং ভয়াবহ ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। শুক্রবার (৯ আগস্ট) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু ও গুয়াংডংয়ে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢল ও হঠাৎ বন্যায় গানসুর ইউঝৌং, লানঝৌ, লিনজিয়া ও বাইয়িন জেলায় পানিবন্দি হয়ে পড়েছে বহু এলাকা। শুধু ইউঝৌংয়ের জিংলং পার্বত্য এলাকার চারটি গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।
প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে বহু সড়ক যোগাযোগ।
অন্যদিকে, গুয়াংডং প্রদেশের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কাদা ও ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৭ জনকে জীবিত এবং ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩ জন। দুর্ঘটনায় ধ্বংস হয়েছে কয়েক ডজন বাড়িঘরও।
প্রসঙ্গত, জুনের মাঝামাঝি থেকে চীনে বর্ষাজনিত নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণ ও হড়কা বানে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়।



