
সংবাদদাতা, পর্যটন সংবাদ: চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের (বীর প্রতীক) মরদেহ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসক দল।
চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে তিনি ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে অবস্থান করছিলেন। আজ দুপুর পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় কর্মীদের। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, দুপুর ১২টার পর পুলিশ ও সামরিক চিকিৎসক দলের উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের মতে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।”
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক, সামরিক ও মুক্তিযোদ্ধা মহলে।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। তিনি ক্লাবের একজন সম্মানিত অতিথি ছিলেন।”
পর্যটন নগরী চট্টগ্রামে অবস্থানকালে একজন ইতিহাসের সাক্ষী ও জাতীয় বীরকে হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম ক্লাবসহ স্থানীয় গণমাধ্যম ও নাগরিক সমাজ।



