ঘন ঘন যান্ত্রিক ত্রুটিতে বিপর্যস্ত বিমান বাংলাদেশ, ভোগান্তিতে যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে একের পর এক যান্ত্রিক ত্রুটি এবং উড়োজাহাজের সংকট ফ্লাইট শিডিউলকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। গত বুধবারও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি, যার ফলে যাত্রীদের পড়তে হয়েছে দীর্ঘ ভোগান্তিতে।

বিমান সূত্রে জানা গেছে, বহরের দুটি লিজের উড়োজাহাজ ফেরত দেওয়ার পর আরও কয়েকটি গ্রাউন্ডেড হয়ে পড়েছে। এতে ঢাকা-মদিনা, ঢাকা-জেদ্দা, ঢাকা-কুয়েত এবং ঢাকা-দুবাই রুটের ফ্লাইটগুলো ৩০ মিনিট থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বিমানের উড়োজাহাজগুলোর গড় বয়স ১০-১২ বছর হলেও সঠিক ও নিয়মিত রক্ষণাবেক্ষণ হলে এত ঘন ঘন যান্ত্রিক ত্রুটি হওয়ার কথা নয়। তারা অভিযোগ করেন, গত কয়েক বছরের রক্ষণাবেক্ষণ কাজের ‘লগ এন্ট্রি’ অডিট করা এবং কারিগরি টিমের দক্ষতা যাচাই জরুরি। নইলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

সাবেক বেসামরিক বিমান চলাচল চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যান্ত্রিক ত্রুটি আগেই শনাক্ত করা সম্ভব। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি ও দক্ষতার ঘাটতির কারণে তা হচ্ছে না।

এ বিষয়ে বিমানের জিএম (পিআর) এ বি এম রওশন কবির জানান, প্রতিটি যান্ত্রিক সমস্যা আলাদা ধরনের, একটির সঙ্গে আরেকটির মিল নেই। তবে সংকট কাটাতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে।

যাত্রী ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Read Previous

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড

Read Next

মানিকগঞ্জে শান্তি ফিরেছে: দিঘী ইউনিয়নে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular