
পর্যটন সংবাদ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিন। শুক্রবার (১৮ জুলাই) দিনভর চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১১০ জনের বেশি। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই সামরিক অভিযানে ইতোমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।
যুদ্ধ শুরুর ১৫ মাস পর আন্তর্জাতিক চাপের মুখে ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয় তেলআবিব। তবে মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে পুনরায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে আরও ৭ হাজার ৮৪৩ জনের এবং আহত হয়েছেন ২৭ হাজার ৯৯৩ জন।
আইডিএফ জানিয়েছে, এখনও হামাসের হাতে অন্তত ৩৫ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের উদ্ধারে অভিযান চলছে।
এদিকে, লাগাতার হামলায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, গাজায় এখনকার পরিস্থিতি ‘সহিংসতার চূড়ান্ত সীমায় পৌঁছেছে’, যা পুরো অঞ্চলকে এক গভীর মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।



