
পর্যটন সংবাদ ডেস্ক, খুলনা |গোপালগঞ্জে হামলার ঘটনার পর টান টান উত্তেজনার মধ্যেই খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে গাড়িবহরসহ খুলনা শহরে ঢোকেন তাঁরা। নেতারা খুলনা সার্কিট হাউস এবং শহরের একটি হোটেলে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সার্কিট হাউসে উঠেছেন। অন্য নেতারা রয়েছেন শহরের একটি হোটেলে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন তাঁরা। তবে খুলনায় তারা রাত্রিযাপন করবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি।
খুলনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাজেদুল ইসলাম বলেন, “আমাদের ভাইদের ওপর এই বর্বরোচিত হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা মুজিববাদমুক্ত বাংলা গড়ার আন্দোলনে আছি এবং থাকব।”
জানা গেছে, এনসিপির নেতারা বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বর্ধিত নিরাপত্তা ও রাজনৈতিক কর্মসূচির কারণে খুলনার কেন্দ্রীয় এলাকাগুলোতে যানবাহন চলাচল কিছুটা ধীর হয়ে পড়েছে। শহরে আগত পর্যটকদের সচেতনভাবে চলাফেরা ও বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক: মেহেদী হাসান



