কুমিল্লায় ভয়াবাহ অগ্নিকাণ্ডে পুড়লো শতাধিক দোকান

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে। গত রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। কাঠের মাচার উপর টিনশেডের ওই দোকান থেকে আগুন মুহূর্তের মধ্যে এক এক করে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের বেশিরভাগ দোকান ডোবার উপর কাঠের মাচা করে তৈরী হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়।

সেখানকার স্থানীয়রা জানান, মাত্র দুই ঘণ্টার আগুনে পুড়ে গেছে মিষ্টির দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকানসহ অন্তত একশ ব্যবসা প্রতিষ্ঠান। এতে নিঃস্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ী।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে অন্তত একশরও বেশি দোকান পুড়ে গেছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক নিউটন দাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। মহাসড়কের পাশে ডোবার উপর কাঠের মাচা দিয়ে তৈরী দোকানগুলো অবৈধভাবে তৈরী করা। আগুন নেভানোর পানি আনতে হয়েছে দূরের পুকুর থেকে এবং মহাসড়কে যানজট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Read Previous

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণের নতুন সুবিধা

Read Next

বাংলাদেশ পর্যটন করপোরেশনে নবম গ্রেডসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular