
পর্যটন সংবাদ ডেস্ক : কাওয়াই দ্বীপের না পালি কোস্টের কালালাউ সৈকতে বৃহস্পতিবার বিকেলে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
কাউয়াই ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটিতে একজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনাস্থল কাওয়াইয়ের উত্তর উপকূলে অবস্থিত কালালাউ সৈকত, যেখানে সাধারণত পায়ে হেঁটে অথবা নৌকায় করে যাওয়া যায়।
পুলিশের তথ্য অনুসারে, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত দুজনকে উইলকক্স মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
হেলিকপ্টারটি এয়ারবোর্ন এভিয়েশন নামক স্থানীয় কোম্পানির পরিচালিত ছিল, যারা কাওয়াইয়ের গিরিখাত, উপকূল ও জলপ্রপাত দেখানোর ট্যুর আয়োজন করে। কোম্পানিটি “দরজা খোলা রোমাঞ্চপ্রেমীদের জন্য অ্যাডভেঞ্চার ট্যুর” প্রচার করে, যেখানে সর্বোচ্চ চারজন যাত্রী নেয়া হয়।
সূত্র: এপি



