কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত: নতুন নির্দেশনায় চমক

পর্যটন সংবাদ ডেস্ক : কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর পরিকল্পনা আপাতত থেমে গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট, নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট কিংবা জরুরি অবতরণেও ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশনা কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

এর আগে, ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই নতুন করে এ স্থগিতাদেশ জারি করা হলো।

বিমানবন্দরের উন্নয়নযাত্রা শুরু হয় ২০০৯ সালে। প্রথম দফার কাজ শেষ হয় ২০১৩ সালে। এরপর ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। ২০২১ সালে নতুন টার্মিনাল নির্মাণসহ আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ প্রকল্পের আওতায় ৬,৭৭৫ ফুট দীর্ঘ রানওয়ে সম্প্রসারণ করে এখন ৯,০০০ ফুটে উন্নীত করা হয়েছে। পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে। তবে ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।

অন্যদিকে, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরও এখনো কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চললেও, কক্সবাজার রুটকে এখনও লাভজনক মনে করছে না কোনো বিমান সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়ন শেষ না হওয়া ও বাণিজ্যিক সম্ভাবনা অনিশ্চিত থাকায় সরকার আপাতত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত রেখেছে।

চূড়ান্ত প্রস্তুতি ও অবকাঠামো সম্পূর্ণ হলে আবারও কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read Previous

অভিনয়শিল্পী হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকরা

Read Next

পুটনীর দ্বীপ: সুন্দরবনের নিভৃত স্বর্গে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular