
পর্যটন সংবাদ ডেস্ক: ঋণের ২০৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক শিকদার ও রিক হক শিকদারসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক থেকে ঋণের নামে ১১০ কোটি ২৭ লাখ টাকা তুলে আত্মসাত করেছেন। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সুদসহ ওই অর্থের পরিমাণ দাঁড়ায় ২০৭ কোটি ৪২ লাখ টাকা। পরে অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ও ১২০(খ) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সৈয়দ কামরুল ইসলাম, মো. সালাউদ্দিন, সৈয়দ মাহবুব-ই-করিম, এম এম মোস্তাফিজুর রহমান, মো. জহুরুল হক, আব্দুল আজিজ, সৈয়দ ওয়াসেক মো. আলী, মোহাম্মদ আব্দুল মালেক, ফারজানা পারভীন, আতিকুর নেসা, মোহাম্মদ ইসহাক, আহমদ মুক্তাদির আরিফ, খন্দকার ইফতেখার আহমদ, ড. মমতাজ উদ্দিন আহমেদ, বদরুন নেছা, মো. ওয়াহিদুল আলম শেঠ, জামাল মোস্তফা চৌধুরী, মোল্লা ফজলে আকবর, লিসা ফাতেমা হক সিকদার, পারভীন হক সিকদার, মো. শেখ আলম ও মনিশংকর বিশ্বাস।
দুদক জানায়, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



