২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্স ইনডেক্স কোম্পানিজ নতুন পরিচয়ে ‘এক্সআইসি’ হয়ে উঠলো, ‘ভিশন ২০৫০’ ঘোষণা করলো দীর্ঘমেয়াদি লক্ষ্য

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সফল ব্যবসায়িক গ্রুপগুলোর একটি এক্স ইনডেক্স কোম্পানিজ এবার নিজের পরিচয়কে নতুন করে সাজিয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ দশকের যাত্রাপথে অর্জিত অভিজ্ঞতা, আস্থা ও সুনামকে ধরে রেখে প্রতিষ্ঠানটি এখন থেকে পরিচিত হবে ‘এক্সআইসি’ (XIC) নামে। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নাম, নতুন লোগো এবং ভবিষ্যৎমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘ভিশন ২০৫০’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

১৯৭৭ সালে ইন্ডেক্স আর্কিটেক্টস নামে একটি ছোট আর্কিটেকচারাল ফার্ম হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই গ্রুপের। সময়ের সাথে সাথে এটি শুধু নির্মাণ ও ডিজাইন খাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং রিয়েল এস্টেট, নির্মাণ সামগ্রী উৎপাদন, ইন্টেরিয়র সলিউশন, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও অন্যান্য বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে। গত ৪৮ বছরে এক্স ইনডেক্স কোম্পানিজ দেশের অবকাঠামো উন্নয়ন, আবাসন খাত ও শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

এই দীর্ঘ পথচলার পর এখন প্রতিষ্ঠানটি একটি নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক মানসিকতা নিয়ে এগোতে চায়। নতুন নাম ‘এক্সআইসি’ শুধু একটি ব্র্যান্ড পরিবর্তন নয়, বরং একটি পূর্ণাঙ্গ রূপান্তরের প্রতীক। এই পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উদ্ভাবন, গবেষণা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা প্রদানের ওপর আরও বেশি গুরুত্ব দিতে চায়।
অনুষ্ঠানে এক্সআইসির চিফ অ্যাডভাইজার এবং চেয়ারম্যান এমিরেটাস স্থপতি মো. মাজহারুল কাদের বলেন, “আমরা যে নাম ও লোগো পরিবর্তন করেছি, তা কেবল বাহ্যিক পরিবর্তন নয়। এটি একটি দায়বদ্ধতার প্রতিশ্রুতি। আমরা চাই আগামী প্রজন্মের কাছে এমন একটি প্রতিষ্ঠান রেখে যেতে, যা শুধু লাভজনকই নয়—সমাজের প্রতি দায়বদ্ধ, পরিবেশের প্রতি সচেতন এবং দেশের উন্নয়নে অংশগ্রহণকারী। বিগত পাঁচ দশকের অর্জিত আস্থা ও ঐতিহ্যকে ভিত্তি করে আমরা এখন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এক্সআইসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহীন মাজহার অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “নতুন এই পরিচয় আমাদের বর্তমান কাজের ধরন এবং আগামী দিনের স্বপ্নের প্রতিফলন। আমরা চাই বাংলাদেশে উৎপাদিত পণ্য ও প্রদত্ত সেবা বিশ্বমানের হোক। উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দেশীয় শিল্পকে বিশ্ব মঞ্চে নতুন করে পরিচিত করতে চাই। ‘ভিশন ২০৫০’ আমাদের সেই দীর্ঘমেয়াদি রোডম্যাপ, যার মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”

এক্সআইসি তার মূল্যবোধ হিসেবে চারটি মূলনীতি ঘোষণা করেছে—বিশুদ্ধতা (পবিত্রতা ও স্বচ্ছতা), সরলতা, শ্রদ্ধাশীলতা এবং কার্যকারিতা। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা কোনো সাময়িক ট্রেন্ড বা ফ্যাশন অনুসরণ করবে না। বরং নিজস্ব গবেষণা, উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে বাজারে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থপতি, ইঞ্জিনিয়ার ও গণমাধ্যমকর্মীরা। এক্সআইসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন যাত্রায় তারা ডিজিটাল রূপান্তর, সবুজ প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর বিশেষ জোর দেবে।

দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকে সম্বল করে এক্সআইসি এখন নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ব্যবসায়িক জগতে এই রূপান্তরকে অনেকেই একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

Read Previous

নির্যাতিত শিশু মোহনার সুস্থতার জন্য সরকারী উদ্যোগ: উপদেষ্টাদের হাসপাতাল পরিদর্শন এবং সহায়তার প্রতিশ্রুতি

Read Next

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে বিপ্লবী পরিবর্তন: IVAC চালু করছে নতুন ম্যানেজমেন্ট প্রক্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular