
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন ভাড়ার নিয়ম চালু হয়েছে। এখন থেকে কেউ যদি মেট্রোরেল স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশ করেন, কিন্তু ট্রেনে না উঠে একই স্টেশন দিয়ে বেরিয়ে আসেন, তাহলে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
আগে এই নিয়ম ছিল ভিন্ন। স্টেশনের ভেতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে কেউ বের হলে কোনো ভাড়া কাটা হতো না। নতুন সিদ্ধান্তে সেই সুযোগ তুলে নেওয়া হয়েছে। নিয়মটি ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে, এবং মেট্রোরেলের সব স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখন থেকে স্টেশনের ভিতরে ঢুকে বিনা ভাড়ায় বের হওয়া যাবে না। নিয়মটি গতকাল থেকেই কার্যকর হয়েছে।”
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি এখনো নতুন নিয়মের বিস্তারিত জানেন না। তিনি বলেন, মেট্রোরেলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
ডিএমটিসিএলের জারি করা নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে—একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ করা হয়েছে। একই স্টেশনে প্রবেশের পর বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”
এই সিদ্ধান্তে অনেক যাত্রী অবাক হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এর উদ্দেশ্য হলো স্টেশনের ভেতরে অপ্রয়োজনীয় ভিড় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো।



