উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত, হতে পারে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ৩ ফুট পর্যন্ত উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিশেষ এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি থাকার পাশাপাশি উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের সংলগ্ন দ্বীপ ও চরাঞ্চলগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য সতর্কবার্তা
এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকায় ভ্রমণ বা সমুদ্রভিত্তিক পর্যটন পরিকল্পনা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার কারণে চর, দ্বীপ ও সৈকত অঞ্চলে ঝুঁকি বেড়েছে।

Read Previous

ভ্রমণে কানে তালা লাগার অনুভূতি? জেনে নিন এর কারণ ও সহজ সমাধান

Read Next

প্রকৃতির উপহার না বিপদের সংকেত? কুয়াকাটা সৈকতে ঝিনুকের রহস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular