উত্তরা ট্র্যাজেডি: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন ৩১ জন, হাসপাতালে আহত ১৬৫

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬৫ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, নিহত ও আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতওয়ার ভিত্তিতে আহত ও নিহতের বিবরণ নিচে তুলে ধরা হলো:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
  • জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০ জন
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ৩ জন, নিহত ১ জন
  • সিএমএইচ-ঢাকা : আহত ২৮ জন, নিহত ১৬ জন
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল : আহত ৩ জন, নিহত নেই
  • লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার (উত্তরা) : আহত ১৩ জন, নিহত ২ জন
  • উত্তরা আধুনিক হাসপাতাল : আহত ৬০ জন, নিহত ১ জন
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১ জন, নিহত নেই
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১ জন
  • ইউনাইটেড হাসপাতাল : আহত ২ জন, নিহত ১ জন

এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পুরো দেশ। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারী দল, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্টজনরা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Read Previous

হাতিরঝিলে উল্টোপথে যান চলাচলে কড়াকড়ি, পর্যটকবান্ধব পরিবেশ তৈরিতে রাজউকের উদ্যোগ

Read Next

ঢাকায় যুদ্ধবিমান দুর্ঘটনা: দগ্ধদের চিকিৎসায় ভারত পাঠাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular