
পর্যটন সংবাদ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণার ফলে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ওইদিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিনের হিসেবে চলবে বলে ধরে নেয়া হচ্ছে। সরকার ঈদুল ফিতরের প্রধান ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষিত হয়েছে। শবে কদরের ছুটি ১৭ মার্চ (মঙ্গলবার) এবং নতুন করে ১৮ মার্চ যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিন (১৭ থেকে ২৩ মার্চ) ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে, যারা বিশেষ ছুটি বা অর্জিত ছুটি ব্যবহার করে ২৪ ও ২৫ মার্চ ছুটি নিতে পারবেন, তারা স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ১২ দিনের দীর্ঘ বিশ্রাম উপভোগ করার সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, ছুটির কারণে আর্থিক লেনদেন সাময়িকভাবে ব্যাহত হবে। তাই প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম আগেভাগেই সম্পন্ন করে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।



