ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য তলব করেছে। সোমবার দেশের সব ব্যাংকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

তথ্য অনুযায়ী, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাঁদের নামে বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য, যেমন হিসাব খোলার আবেদনপত্র, লেনদেনের বিবরণ, কেওয়াইসি ডকুমেন্ট, লকার, সঞ্চয়পত্র, কার্ড ও গিফট কার্ডের তথ্য পাঠাতে হবে।

বিএফআইইউর এই পদক্ষেপ আসে আওয়ামী লীগ সরকারের পতনের পর, যখন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদল ঘটে। এরপর থেকেই বিতর্কিত লেনদেন বা সুবিধা পাওয়া বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব পর্যবেক্ষণে রাখা হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তাঁর পরিবার।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদ রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে তাঁকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় এবং পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পান।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন আনতে আগ্রহী। একই সঙ্গে ব্যাংকটির একটি প্রভাবশালী পক্ষও নিজস্ব একজনকে ওই পদে বসানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটেই বর্তমান চেয়ারম্যান ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব তলবের বিষয়টি আলোচনায় এসেছে।

Read Previous

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে কড়াকড়ি: বাতিল হচ্ছে আগের ৫ হাজারের বেশি লাইসেন্স

Read Next

 এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার পর ভারতের সব বোয়িং বিমানে জ্বালানি সুইচ পরীক্ষার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular