
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট নিরাপত্তা সংকটের প্রভাবে এখন পর্যন্ত মোট ৪২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইটগুলো চলাচল করতে পারছে না।
দৈনিক হিসাব অনুসারে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ থেকে ৮ মার্চ প্রতিদিন ২৮টি করে, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ রাত ১২টার পর আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ১২ মার্চের বাতিল ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ, ফ্লাইদুবাই ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথের পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদেরও সর্বশেষ আপডেটের জন্য এয়ারলাইন্স ও বিমানবন্দরের ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।



