
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। সংগঠনের অফিশিয়াল ফেসবুক পোস্টে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চের দাবি অনুসারে, এ ঘটনায় সংগঠনের নেত্রী ফাতিমা তাসনিম জুমা এবং শান্তাকেও আঘাত করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, আপাতত কোনো জমায়েত বা কর্মসূচি পালন করা হবে না। তারা বলেছে, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তারা শহীদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আসছেন।



