১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির ওয়ার্ক ভিসা খাতে বড় উদ্যোগ, পর্যটন খাতেও খুলছে সম্ভাবনার নতুন দুয়ার

পর্যটন সংবাদ ডেস্ক: ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যুর ঘোষণা দিয়েছে। দেশটির মন্ত্রিসভার বিবৃতি অনুযায়ী, বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করে শ্রমিক সংকট মোকাবিলাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলেও, পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মী ইতালিতে কাজের অনুমতি পাবেন। ধাপে ধাপে তিন বছরে মোট সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে। বিশেষজ্ঞদের মতে, পর্যটনসহ সেবা ও কৃষিখাতের জন্য এটি একটি বড় সুযোগ।

প্রবীণ জনগোষ্ঠীর আধিক্য, কম জন্মহার ও জনসংখ্যা হ্রাসের ফলে ইতালির পর্যটন শিল্পে দক্ষ ও অদক্ষ কর্মীর ঘাটতি তৈরি হয়েছে। নতুন এই অভিবাসন নীতির মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন বলছে, হোটেল, রেস্টুরেন্ট, গাইড সার্ভিস, ট্রান্সপোর্টেশনসহ বিভিন্ন সেক্টরে জনবল ঘাটতি ছিল দীর্ঘদিন ধরেই। এখন বিদেশি শ্রমিকদের আগমন সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি সংগঠন কোলদিরেত্তি ইতোমধ্যেই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, পর্যটন মৌসুমে মাঠ পর্যায়ের খাদ্য উৎপাদন এবং রেস্টুরেন্ট ব্যবসা চালু রাখতে এই কর্মী নিয়োগ হবে অত্যন্ত কার্যকর। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, বৈধ অভিবাসনের পথকে স্থায়ী রূপ দিয়ে দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে আরও শক্তিশালী করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে হসপিটালিটি ও ট্রাভেল গাইড পেশায় দক্ষতা অর্জন করে অনেকে এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

সূত্র: রয়টার্স

Read Previous

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Read Next

আজ ব্যাংক হলিডে: বন্ধ লেনদেন, সচল পর্যটন এলাকায় এটিএম সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular