
পর্যটন সংবাদ ডেস্ক। স্টাফ রিপোর্টার: ভিয়েতনামের নাম উঠলেই চোখে ভেসে ওঠে হা লং উপসাগরের অপূর্ব সৌন্দর্য, হ্যানয় কিংবা হো চি মিন সিটির ব্যস্ত শহুরে জীবন। তবে এই দেশটির সৌন্দর্য কেবল আলো-ঝলমলে শহরেই সীমাবদ্ধ নয়। প্রকৃতি, সংস্কৃতি আর স্থানীয় জীবনের মিশেলে গড়ে ওঠা কিছু স্বল্পপরিচিত শহরও অপেক্ষা করে আছে আপন অনন্য রূপে।
ভ্রমণপিপাসুদের জন্য ভিয়েতনামের পাঁচটি স্বল্পপর্যটিত শহর এখন হয়ে উঠতে পারে নতুন গন্তব্য—যেখানে নেই পর্যটকের ভিড়, আছে শুধু নির্জনতা আর অব্যবচ্ছিন্ন প্রাকৃতিক ছোঁয়া।
নিন বিন: স্থলভাগের হা লং উপসাগর

হ্যানয় থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নিন বিন যেন এক জীবন্ত পেইন্টিং। চুনাপাথরের পাহাড়, সবুজ ধানখেত আর বয়ে চলা নদীর দৃশ্যপট ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে। ছোট নৌকায় নদীপথে ভেসে ভেসে ঘোরা কিংবা হ্যাং মুয়া চূড়া থেকে পুরো শহরকে দেখা—এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। বিচ ডং প্যাগোডার পাহাড়ি পথও এ শহরের অন্যতম আকর্ষণ।
ডং হোই: গুহার রহস্য আর সৈকতের সরলতা

উত্তর-মধ্য ভিয়েতনামের শহর ডং হোই মূলত ফং না-কে বাং জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম গুহা হ্যাংসন ডুং, যার পাশেই আছে মনোমুগ্ধকর প্যারাডাইজ কেভ। গুহা দর্শনের পাশাপাশি শহরের সাগরতট, সরু গলি আর স্থানীয় খাবারের স্বাদ যেন এক পরিপূর্ণ অভিজ্ঞতা দেয়।
বাক হা: পাহাড়ি জনপদে প্রাচীন সংস্কৃতির ছোঁয়া

উত্তরের সাপা অঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থিত বাক হা যেন এক চলমান সাংস্কৃতিক চিত্রকলা। রোববার হাটে স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়, যা পর্যটকদের কাছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে ওঠে। ধাপে ধাপে সাজানো ধানক্ষেত আর মেঠো পথের মায়া ভ্রমণকারীদের নিয়ে যায় এক পুরোনো ভিয়েতনামে।
কুই নিয়ন: নীল জলরাশি আর সোনালি নিঃসঙ্গতা

মধ্য ভিয়েতনামের কুই নিয়ন শহর এখনো ভিড়মুক্ত। বাই জেপ ও কয় কো-র মতো সৈকতগুলো যেন প্রকৃতির আঁকা ক্যানভাস। স্নরকেলিং ও ডাইভিংপ্রেমীদের জন্য হোন খো দ্বীপ এক আদর্শ গন্তব্য। এছাড়া টাটকা সামুদ্রিক খাবার আর স্থানীয় জীবনের ছোঁয়া এ শহরকে আরও প্রাণবন্ত করে তোলে।
বুয়োন মা থুয়ট: পাহাড়, কফি আর ঝরনার শহর

পাহাড়ঘেরা কফির শহর বুয়োন মা থুয়টকে বলা হয় ‘পাহাড়ের নিশ্বাস’। এখানকার কফি শুধু সুস্বাদুই নয়, অনেকের মতে পৃথিবীর সেরাদের মধ্যে অন্যতম। শহরের ড্রে নুর ও ড্রে স্যাপ জলপ্রপাত থেকে ঝরে পড়া জলের শব্দ, চারপাশের কফি বাগানের সুবাস আর নির্জন পরিবেশ শহরটিকে করে তোলে স্বর্গীয়।
প্রচলিত গন্তব্যের বাইরে বের হয়ে যারা প্রকৃত সৌন্দর্য খুঁজতে চান, তাঁদের জন্য ভিয়েতনামের এই শহরগুলো নিঃসন্দেহে হতে পারে এক অভূতপূর্ব অভিজ্ঞতার ঠিকানা।
সূত্র: ই এন ভলস



