আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে স্টার্কের অবসর, নজর এখন টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপে

পর্যটন সংবাদ ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মূলত সামনে থাকা ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

৩৫ বছর বয়সী স্টার্ক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি–টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ মাঠে নামেন ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৭৯, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

অস্ট্রেলিয়ার ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার্ক লিখেছেন, টেস্ট ক্রিকেট সবসময়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি টি–টোয়েন্টি ম্যাচ তিনি উপভোগ করেছেন, তবে ২০২১ বিশ্বকাপের স্মৃতি তার কাছে সবচেয়ে স্পেশাল।

আগামী কয়েক বছরে টেস্টে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। ২০২৭ সালের শুরুতে ভারতের মাটিতে পাঁচ টেস্টের লড়াই এবং মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী ম্যাচ রয়েছে সূচিতে। একই বছরের মাঝামাঝিতে হবে অ্যাশেজ, আর বছরের শেষে বসবে ওয়ানডে বিশ্বকাপ।

এই সবকিছু সামনে রেখে স্টার্ক বলেন, ফিটনেস ধরে রাখা ও সর্বোচ্চ ছন্দে থাকার জন্য টি–টোয়েন্টি ছাড়াই তার জন্য সেরা পথ। একইসঙ্গে এটি অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটকে আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে প্রস্তুত হওয়ার সুযোগ করে দেবে।

Read Previous

ইন্দোনেশিয়ার লম্বক—বাংলাদেশি পর্যটকদের জন্য পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড

Read Next

গ্রিনল্যান্ড নিয়ে কড়া বার্তা ফ্রান্সের: ‘বিক্রির জন্য নয়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular