
পর্যটন সংবাদ ডেস্ক: আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন দিবেন। এটাই এখন দেশের জন্য সবচেয়ে আনন্দের বার্তা।’ তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক নৈরাজ্যের শান্তিপূর্ণ সমাধান হবে নির্বাচনেই।
বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দেশের প্রধান সমস্যা এখন আইনশৃঙ্খলার চরম অবনতি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এ অবস্থায় আর কোনো অভিযান নয়, বরং নির্বাচনই পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।’
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এর আগে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও দুটি পৃথক বৈঠক করেছেন। আজকের বৈঠকে অংশ নেওয়া ১৪টি দলও শান্তিপূর্ণ ও সময়োপযোগী নির্বাচনের পক্ষে একমত হয়েছেন বলে জানা গেছে।
দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে এই নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জাতি তাকিয়ে আছে প্রধান উপদেষ্টার আসন্ন ঘোষণার দিকে।



