পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতায় নতুন এক ধাপ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া।
এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দ্বৈরথ ও সহিংসতার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলবানিজ বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই গাজা ও সামগ্রিক অঞ্চলে সহিংসতার চক্র ভাঙার প্রধান উপায়। এর মাধ্যমে গাজার মানুষের দুর্ভোগ, সংঘাত ও অনাহারের অবসান সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা বৈঠকের পর এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গৃহীত কিছু স্পষ্ট অঙ্গীকারের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না।
পর্যটকদের জন্যও এটি একটি ইতিবাচক সংকেত হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলটিতে যদি স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে ঐতিহাসিক ও ধর্মীয় দর্শনীয় স্থানগুলোতে পর্যটন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠলে ভ্রমণপিপাসুদের জন্য ফিলিস্তিনসহ পুরো মধ্যপ্রাচ্যে আগ্রহ বাড়বে।
বিশ্ব পর্যটন বাজারে মধ্যপ্রাচ্যের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা পর্যটন শিল্পের বিকাশেও সরাসরি প্রভাব ফেলবে।



