
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, দৃষ্টিনন্দন পার্বত্য এলাকা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ পর্যটনের এক অপার সম্ভাবনার দেশ। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের পথে নানা সংকট ও প্রতিবন্ধকতা এ খাতকে দীর্ঘদিন ধরে থমকে দিয়েছে।
২০১৯ সালে সরকার পর্যটন মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করলেও বাস্তবায়ন গতি পায়নি। এর ফলে দক্ষিণ এশিয়ার সীমিত সম্পদের দেশগুলো যখন পর্যটন অর্থনীতিতে দ্রুত এগোচ্ছে, বাংলাদেশ তখনো পিছিয়ে পড়ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে ১১৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৯তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।
সমন্বয়হীনতা আর দুর্বল অবকাঠামো
খাতসংশ্লিষ্টরা বলছেন, পর্যটন উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প বছরের পর বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। হাতিয়া ও নিঝুম দ্বীপকে ঘিরে নেয়া প্রকল্পে অর্ধযুগেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা, দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত বিনিয়োগ ও আমলাতান্ত্রিক জটিলতা এ খাতকে কার্যত স্থবির করে রেখেছে।
নিরাপত্তা সংকটে আস্থা হারাচ্ছে পর্যটকরা
সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন স্পটে হামলা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় পর্যটকরা বারবার ভুক্তভোগী হয়েছেন। জাফলং, ভোলা কিংবা সিলেটের সাদাপাথরে সংঘটিত ঘটনাগুলো দেশি-বিদেশি পর্যটকদের আস্থা কমিয়ে দিয়েছে। অনেক দেশ ইতোমধ্যেই বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে।
বিদেশি পর্যটক কমছে দ্রুত
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্যমতে, ২০১৯ সালে দেশে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন। কিন্তু করোনার পর থেকে এ সংখ্যা নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে। রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডভাইজরি এর বড় কারণ।
করণীয় কী?
বিশেষজ্ঞরা বলছেন, ই-ভিসা চালু, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবেশ তৈরি এবং কূটনৈতিকভাবে ভ্রমণ সতর্কতা প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগের সঙ্গে সরকারি সমন্বয় বাড়াতে হবে।
আজ বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নিতে পারে, তবে পর্যটন খাত শুধু অর্থনীতিকেই এগিয়ে নেবে না, বরং দেশের ভাবমূর্তিও বিশ্বে নতুন করে উজ্জ্বল করবে।



