
পর্যটন সংবাদ ডেস্ক: রাষ্ট্রীয় সংস্কারে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই প্রশ্নে হাইকোর্ট একটি রুল জারি করেছে। গতকাল (সোমবার) একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
এই প্রসঙ্গে আজ (মঙ্গলবার) সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূস নিজেই এ ধরনের উপাধি পেতে আগ্রহী নন এবং সরকারও তাঁকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো পরিকল্পনা করছে না।
বিবৃতিতে আরও জানানো হয়, “হাইকোর্টের আদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর তা যথাসময়ে বিবেচনা করে রুলের উত্তর দেওয়া হবে।”
সরকারের বক্তব্য অনুযায়ী, এই রিট আবেদনটি একান্তভাবে আবেদনকারীর নিজস্ব উদ্যোগে করা হয়েছে এবং কী ভিত্তিতে অধ্যাপক ইউনূসকে এ ধরনের উপাধি দেওয়ার দাবি করা হয়েছে, তা পরিষ্কার নয়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমাজ ও অর্থনীতিতে তাঁর অবদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।



