
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে সিঙ্গাপুরে থাকা একাধিক ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের তিনটি ব্যাংকে থাকা মোট ১৮টি ব্যাংক হিসাব এবং দেশটির পাঁচটি ইনস্যুরেন্স কোম্পানিতে থাকা ১৭টি হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ হয়েছে। একইসঙ্গে সিঙ্গাপুরের আটটি কোম্পানিতে থাকা এস আলমের বিনিয়োগকৃত শেয়ারও ফ্রিজ করা হয়েছে।
এস আলমের দুই ছেলে—আশরাফুল আলম ও আহসানুল আলম—তাদের ব্যক্তিগত বিনিয়োগ হিসাবেও এই আদেশের আওতায় পড়েছেন। আশরাফুল আলমের পাঁচটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার এবং আহসানুল আলমের একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৯ জুলাই এস আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত। এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৩টি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২টি ও ইসলামী ব্যাংকের ১৮টি হিসাব।
উল্লেখ্য, ২৪ জুন এস আলম ও তাঁর স্ত্রীর নামে বিদেশে থাকা স্থাবর–অস্থাবর সম্পদ জব্দেরও নির্দেশ দেন আদালত।
এস আলম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত করছে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।



