সাগরে নিম্নচাপ, সাত জেলায় ঝড়বৃষ্টি—পর্যটকদের জন্য সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় সাত জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। এজন্য সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পর্যটকদের জন্য বার্তা

বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা ও চট্টগ্রামে অবস্থানরত পর্যটকদের অপ্রয়োজনীয় সমুদ্র ভ্রমণ বা নৌযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যারা সৈকতে বেড়াতে যাচ্ছেন তাদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে, কারণ হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত বিপদের কারণ হতে পারে।

সাগরে নিম্নচাপের প্রভাব

আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িষ্যা উপকূলের অদূরে বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও অস্থায়ী ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। সমুদ্রবন্দরগুলোকে তাই সতর্ক থাকতে বলা হয়েছে।

সামনে কী আসছে

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ফলে ভ্রমণ পরিকল্পনা করার আগে আবহাওয়া পূর্বাভাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পর্যটন সংবাদের পরামর্শ:
যদি আপনি উপকূলীয় এলাকায় অবস্থান করেন বা ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে নৌযাত্রা এড়িয়ে চলুন এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। নিরাপত্তাকে সর্বাগ্রে রাখুন।

Read Previous

সরকারি তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

Read Next

এডিপি বাস্তবায়নে ধীরগতি: জুলাইয়ে ব্যয় মাত্র ০.৬৯ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular