
পর্যটন সংবাদ ডেস্ক : শেনজেন দেশগুলোর দূতাবাসসমূহ ঢাকায় অবস্থিত ভিসাধারীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করা থেকে বিরত থাকতে। এমন নিয়ম লঙ্ঘন করলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি এবং ভবিষ্যতে ভিসা আবেদন প্রত্যাখ্যানের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দূতাবাসগুলো তাদের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ভ্রমণকারীদের ভিসার বৈধতা ও শর্তাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার ঝুঁকি থাকে।” এছাড়া নিয়ম না মানলে পরবর্তী ভ্রমণ আবেদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করা হয়।
শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে অভিন্ন ভিসা নীতির আওতায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে স্বল্পমেয়াদী ভ্রমণের সুবিধা রয়েছে। দূতাবাসগুলো জরিমানা এড়াতে ভ্রমণকারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞপ্তিটি ভিসা নিয়মকানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশি ভ্রমণকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


