২৫/০৪/২০২৬
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুজভেলট আইল্যান্ডে ঢালিউড তারকা দম্পতির একান্ত ভ্রমণ: শাকিব-বুবলী আবারও একসঙ্গে

পর্যটন সংবাদ ডেস্ক:নিউইয়র্কের বিখ্যাত রুজভেলট আইল্যান্ড যেন এবার সাক্ষী থাকল ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর পারিবারিক একান্ত মুহূর্তের। তাদের সঙ্গে ছিলেন একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে— রুজভেলট আইল্যান্ডের মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন এই তারকা পরিবার। ছবিগুলোতে ধরা পড়েছে এক অনন্য পারিবারিক উষ্ণতা, যেখানে বাবা-মা ও ছেলের হাসিমাখা মুখ যেন বলছে অনেক কথাই।

ঢাকাই চলচ্চিত্রের দুই সুপরিচিত মুখ শাকিব ও বুবলীর ব্যক্তিগত জীবনে টানাপোড়েন থাকলেও, সন্তানকে ঘিরে তাদের এই ভ্রমণ নতুন করে আলোচনায় এনেছে এই জুটিকে।

সূত্র মতে, নিউইয়র্কে অবস্থানকালে শহরের ব্যস্ত বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর ভিড় এড়িয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর উদ্দেশ্যেই তারা বেছে নিয়েছেন রুজভেলট আইল্যান্ডকে। পার্কের সবুজ ঘাসে হেঁটে বেড়ানো, ছেলেকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বল মুহূর্ত— সব মিলিয়ে যেন এক নিখাদ পারিবারিক ভ্রমণের রূপ পেয়েছে এই সফর।

শুধু ঘোরাঘুরি নয়, অভিনেত্রী বুবলী রোববার (৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাকিব ও ছেলেকে নিয়ে তোলা একাধিক ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাদের পারস্পরিক দূরত্বের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন অনেক ভক্ত।

উল্লেখ্য, এর আগেও শাকিব খান তার প্রথম সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বীরকেও একদিন এখানে নিয়ে আসবেন— আর এবার সেই প্রতিশ্রুতি বাস্তব করলেন এই সুপারস্টার।

রুজভেলট আইল্যান্ডে এই তারকাদের উপস্থিতি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝেও বেশ আগ্রহ ও আনন্দের জন্ম দিয়েছে।

Read Previous

গোমতী নদীর প্রকৃতি ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশ: পর্যটন সম্ভাবনায় নতুন দিগন্ত

Read Next

জনকণ্ঠে নিয়ন্ত্রণ সংকট: সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা, নতুন বোর্ডের দাবি দখলের অভিযোগে উত্তপ্ত পরিবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular