
নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: রাজউকের বোর্ড সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের সম্মানী চারগুণ বাড়ানোর সিদ্ধান্তকে ঘিরে সংস্থার ভেতরে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতদিন পর্যন্ত সভায় অংশ নেওয়া কর্মকর্তারা ৩ হাজার টাকা সম্মানী পেলেও, এখন সেটি একলাফে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজউকের সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয় গত ৮ জুলাই। ওইদিনই সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে মাসে একাধিক সভা অনুষ্ঠিত হলে, প্রতিটি সভার জন্য এই সম্মানী প্রযোজ্য হবে। রাজউকের একাধিক নথি পর্যালোচনায় দেখা গেছে, সভায় অংশগ্রহণকারী মন্ত্রণালয়ের প্রতিনিধি বা পর্যবেক্ষকরা আগে ৬ হাজার এবং সহায়ক কর্মকর্তারা ৩ হাজার টাকা পেতেন। এখন তা সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে।
সভায় সিদ্ধান্তটি তোলেন একজন প্রভাবশালী সদস্য, যিনি সংস্থায় যোগদানের পর থেকেই সম্মানী বৃদ্ধির পক্ষে সক্রিয় ছিলেন। একাধিক কর্মকর্তা জানান, প্রথমে এটি নিয়ে আলোচনা থেমে থাকলেও, শেষ পর্যন্ত প্রস্তাবটি অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে।
রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা জানান, “একজন সদস্য সম্মানী বাড়ানোর প্রস্তাব দিলে আমরা মন্ত্রণালয়ের অনুমোদনের শর্তে সিদ্ধান্তটি বাস্তবায়নের নীতিগত সম্মতি দিয়েছি। এটি এখনো চূড়ান্ত নয়।”
এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, “অন্যান্য সংস্থার তুলনায় রাজউকের কর্মকর্তারা অনেক কম সম্মানী পেতেন। কেউ কেউ ১৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তাই আমাদের এখানে ১২ হাজার টাকার প্রস্তাব এসেছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
তবে সংস্থার ভেতরে এই সিদ্ধান্তকে ঘিরে অনেকে প্রশ্ন তুলছেন—এটি কি সত্যিই প্রয়োজন ছিল, নাকি ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়েছে?



