
পর্যটন সংবাদ ডেস্ক: বলিউডের এক সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও তারকা ও অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘কাঁটা লাগা’ খ্যাত এই বলিউড আইকন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও কিছু বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, আগেই প্রাণ হারান শেফালী। তার এই অকাল প্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শেফালী জারিওয়ালার জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। মাত্র ১৯ বছর বয়সে ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এক ঝটকায় তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের ক্রেজ এবং ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান। এই একটি মিউজিক ভিডিও বদলে দিয়েছিল তার পুরো ক্যারিয়ারের গতি ও জনপ্রিয়তা।
তিনি বলিউড সিনেমা ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) ও দক্ষিণী চলচ্চিত্র ‘হুডুগারু’ (২০১১)-তে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এছাড়া বেশ কিছু টেলিভিশন শো-তেও অংশ নিয়ে দর্শকদের মন জয় করেন।
শেফালী জারিওয়ালার সঙ্গে বাংলাদেশেরও রয়েছে এক বিশেষ সংযোগ। টিএম রেকর্ডসের ব্যানারে নির্মিত ‘পীরিতির কারবার’ শিরোনামের একটি গানের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলা গানের মডেল হিসেবে কাজ করেন। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাদিয়া ডোরা।
ব্যক্তিগত জীবনে প্রথমে সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালী। তবে সে সম্পর্ক টেকেনি; ২০০৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ ত্যাগী তার জীবনে আসেন, যার সঙ্গে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন।
একজন মেধাবী, সাহসী এবং নিজের মতো করে চলা শিল্পী হিসেবে শেফালী জারিওয়ালা চিরস্মরণীয় থাকবেন ভক্তদের হৃদয়ে। তার হঠাৎ চলে যাওয়া যেন আরও একবার মনে করিয়ে দিলো জীবন কতটা অনিশ্চিত।
তথ্যসূত্র: ভারতীয় সংবাদমাধ্যম



