
পর্যটন সংবাদ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। তার দাবি, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার সম্ভব হবে।
শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়, সারাবছর অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত এবং অবৈধ অস্ত্র ঢোকার সুযোগ নেই।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ভাষায়, জনগণ যদি নির্বাচনমুখী থাকে, তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বাজার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। তার মতে, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। তবে বৃষ্টি কমলে দামও স্বাভাবিক হবে। অন্যদিকে আলুর দাম পড়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।



