১২/০৫/২০২৬
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ড সরকার ভিসা নীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, অগ্রাধিকার পাবে মানসম্পন্ন পর্যটক

পর্যটন সংবাদ ডেস্ক : থাইল্যান্ড সরকার বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকের সংখ্যার চেয়ে তাদের মান ও আর্থিক সক্ষমতার ওপর বেশি জোর দেওয়া হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা বিধিমালায় ব্যাপক সংস্কার আনা হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, বর্তমান ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। শিক্ষার্থী, বিনিয়োগকারী ও পর্যটকসহ সব ধরনের ভিসা এই পর্যালোচনার আওতায় আসবে। উপপ্রধানমন্ত্রী পাকর্ন নিলপ্রাপুন্তকে পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, অতিরিক্ত সহজ প্রবেশাধিকারের কারণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে নতুন করে পুরো বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সুরাসাক ফানচারোয়নওয়ারাকুল বলেন, ভ্রমণ সহজ হলেও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে এখন অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার মন্ত্রিসভা সব ধরনের ভিসার মানদণ্ড পুনর্নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠনের অনুমোদন দিতে পারে। কমিটিকে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করার সুপারিশ করা হবে, তবে থাইল্যান্ডের আন্তর্জাতিক আকর্ষণ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে।

বিশেষ করে বর্তমানে চালু ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল বা সংশোধনের বিষয়টি আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন করবে। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের আরও কঠিন যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং শুধু আর্থিক সক্ষমতা দেখালেই ভিসা মিলবে না।

মন্ত্রী সুরাসাক জানান, সরকার এখন থেকে পর্যটকের সংখ্যা নয়, বরং তাদের মানের দিকে বেশি নজর দেবে। শুধু আগমনের সংখ্যা বাড়লেই অর্থনীতিতে দীর্ঘমেয়াদি লাভ হয় না। প্রধানমন্ত্রী আনুতিনও বলেছেন, ভিসামুক্ত প্রবেশব্যবস্থা পুনর্বিবেচনার আগে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা করা হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে।

সূত্র: ব্যাংকক পোস্ট

Read Previous

ভিসা আবেদনে সহজ হয়ে গেল বৈদেশিক মুদ্রা লেনদেন, বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

Read Next

ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার নৈরাজ্য: যানজট, দুর্ঘটনা ও বিদ্যুৎ চুরির অন্ধকার চক্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular