১১/০৫/২০২৬
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা আবেদনে সহজ হয়ে গেল বৈদেশিক মুদ্রা লেনদেন, বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশী নাগরিকদের বিদেশি ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ আজ একটি সার্কুলার জারির মাধ্যমে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে ভিসা বন্ড ও ফেরতযোগ্য নিরাপত্তা আমানতের জন্য সরাসরি বিদেশে অর্থ পাঠানোর অনুমতি দিয়েছে।

নতুন নির্দেশনা অনুসারে, ব্যাংকগুলো এখন আবেদনকারীদের পক্ষে সরাসরি দূতাবাস, হাইকমিশন বা সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তহবিল পাঠাতে পারবে। এছাড়া আবেদনকারীর নামে আন্তর্জাতিক কার্ড বা ভার্চুয়াল কার্ড ইস্যু করে তাতে ভিসা বন্ডের অর্থ লোড করার সুযোগও তৈরি হয়েছে। ভ্রমণ সুবিধার আওতায় ইস্যুকৃত বিদ্যমান কার্ডগুলোকেও শুধুমাত্র ভিসা-সংক্রান্ত উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে রিচার্জ করা যাবে।

এই সুবিধা পেতে আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, দূতাবাসের আনুষ্ঠানিক চালান বা দাবিপত্র (যেখানে অর্থের পরিমাণ, মুদ্রা ও ফেরতের শর্ত উল্লেখ থাকবে), ভিসা আবেদনের রেফারেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ), রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) অ্যাকাউন্টসহ যোগ্য বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট থেকে এই লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জোর দিয়ে বলেছে, এসব আমানত সম্পূর্ণ ফেরতযোগ্য। বিদেশ থেকে অর্থ ফেরত এলে তা অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যাংক যৌথভাবে এই দায়িত্ব পালন করবে। ব্যাংকগুলোকে এ ধরনের লেনদেনের জন্য আলাদা রেজিস্টার রাখতে হবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সব লেনদেন অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, কর বিধি ও বৈদেশিক মুদ্রা নিয়মকানুন মেনে সম্পন্ন করতে হবে এবং নিয়মিত বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিল করতে হবে।

এই উদ্যোগের ফলে বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা ভ্রমণে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের ভিসা প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা সংগ্রহ ও প্রেরণের জটিলতা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

শেয়ারট্রিপ চালু করল ‘গিভব্যাক’ ফিচার, ফ্লাইট বুকিংয়ের সঙ্গেই সামাজিক অবদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular